এফএনএস বিদেশ : চীনে সফর করছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিন বছরের বেশি সময় পর বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটিতে এটাই তার প্রথম ভ্রমণ। স্থানীয় সময় গত মঙ্গলবার সকালে বেইজিংয়ে পৌঁছান তিনি। সাংহাইয়ে অবস্থিত টেসলার বৃহত্তম উৎপাদন কেন্দ্রে তিনি সফর করবেন বলে জানা গেছে। খবর বিবিসির। চীনে পা রাখার কয়েক ঘণ্টা পরেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংয়ের সঙ্গে সাক্ষাত করেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। সে কারণেই হয়তো চীনের এই সফর নিয়ে ব্যক্তিগত ভাবে তেমন একটা প্রচারণা করতে দেখা যায়নি তাকে। এমনকি গতকাল বুধবার বেইজিংয়ের একটি হোটেল থেকে ইলন মাস্ক যখন বেরিয়ে যাচ্ছিলেন সে সময় চীনে তার ভ্রমণের পরিকল্পনার বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলেও তিনি কোনো মন্তব্য করেননি। পরে গতকাল বুধবার ইলন মাস্ক চীনের শিল্পমন্ত্রী জিন ঝুয়াংলংয়ের সঙ্গে দেখা করেন এবং বৈদ্যুতিক যানবাহনের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এদিকে গত মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে গাড়ি নির্মাণের ব্যবসা আরও সম্প্রসারণ করতে চান ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের পর টেসলার সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন। তবে টেসলার পক্ষ থেকে এ বিষয়ে তেমন কিছু জানানো হয়নি। সাধারণত দিনে বেশ কয়েক বার টুইট করেন ইলন মাস্ক। কিন্তু চীনে পা রাখার পর থেকে তাকে সেভাবে টুইট করতেও দেখা যায়নি। ২০১৯ সালের জানুয়ারিতে সাংহাইতে তথাকথিত গিগাফ্যাক্টরি তৈরি করা শুরু করে টেসলা। যুক্তরাষ্ট্রের বাইরে এটাই ছিল টেসলার প্রথম উৎপাদন কেন্দ্র। সে বছরের শেষের দিকে চীনের নির্মিত প্রথম গাড়ি বাজারে আসে যা এই মার্কিন কোম্পানির জন্য একটি বড় মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। এর আগে গত মাসে টেসলার পক্ষ থেকে জানানো হয় যে, চীনে তারা একটি নতুন কারখানা নির্মাণের পরিকল্পনা করছে। সাম্প্রতিক সময়ে ইলেক্ট্রিক গাড়ির বাজারে নেতৃত্ব দিচ্ছে টেসলা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
