স্টাফ রিপোর্টার : সদর উপজেলার গয়েশপুরে মাদ্রাসা শিক্ষক মাওলানা সাদেক আলী প্রামানিক (৬১) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রামের তোরাব আলী প্রামানিকের ছেলে ও পুস্পপাড়া কামিল মাদ্রাসার শিক্ষক। সাদেক প্রামানিক গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর। এ ঘটনায় নিহতের ভাতিজা রবিউল ইসলাম (৪৫) কে গ্রেফতার করেছে পুুলিশ। অভিযুক্ত রবিউল ইসলাম একই গ্রামের তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। রবিউল সম্পর্কে নিহত সাদেক আলী প্রামাণিকের চাচাতো ভাইয়ের ছেলে বলে স্থানীয়রা জানান। তারা জানান, গত বুধবার সকালে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় পাশের খড়ের পালায় লুকানো রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে রবিউল। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বড় ছেলে নাজমুস সাকিব বলেন, আমি বিশ^বিদ্যালয়ের অ্যাডমিশন দেওয়ার জন্য রাজশাহীতে অবস্থান করছিলাম। হঠাৎ সেদিন শুনতে পাই বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। শত চেষ্টা করেও বাবাকে বাঁচাতে পারলাম না। বাবাকে যে হত্যা করেছে তার সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এছাড়া এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরকেও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, গত বুধবার বাড়ির সামনে বসে ছিলেন রবিউল। নিহত সাদেক প্রামানিক তার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে জখম করে রবিউল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে পরে রাজশাহীতে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মারা যান। তিনি আরও বলেন, ঘটনার দিনই অভিযুক্ত রবিউলকে গ্রেফতার করা হয়েছে। সে মানসিক বিকারগ্রস্ত তবে এ হত্যাকান্ডের ঘটনায় কোনরূপ রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্তের পরে জানা যাবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
