এফএনএস বিনোদন: বলিউডে হাতে গোনা কাজ করলেও বেশ গুণী অভিনেত্রী হিসেবেই পরিচিত নিমরত কৌর। এই বছরের শুরুর দিকে যখন ওটিটি ফিল্ম ‘দাশভি’তে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। নিজের অভিনয় গুণে আবারও সবার মন জয় করেন তিনি। বড় পর্দায় কৌরের সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘এয়ারলিফ্ট’। ২০১৬ সালে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর ২০১৭ সালে একটি ওয়েব সিরিজ ‘দ্য টেস্ট কেস’-এ অভিনয় করেছেন কৌর। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী। যার মধ্যে ওটিটিতে কাজ নিয়েও নিজের মতামত জানান অভিনেত্রী। বর্তমানে অনেকেই অভিযোগ করছেন যে ওটিটি প্ল্যাটফরমের বিস্তারের কারণে সিনেমার অভিনেতারা এখন ওটিটির দিকে ঝুঁকছেন। এতে করে ওটিটিনির্ভর অভিনেতাদের কাজ কমে যাচ্ছে। তবে নিমরত কৌর মনে করেন যে চলচ্চিত্র অভিনেতারা ওটিটিতে চলে আসায় ওটিটি শিল্পীদের থেকে সুযোগ কেড়ে নেওয়া হচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি না কেউ কারো কাছ থেকে কাজ কেড়ে নেয়। সবার জন্য সুযোগ রয়েছে এবং কেউ কারো কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছে না।’ বিনোদন শিল্পে যে পরিমাণ কাজ হচ্ছে তার প্রশংসা করে কৌর বলেছেন, ‘আমি প্রায় পাঁচ বছর আগে একটি ওটিটি সিরিজ করেছি। আমি কখনোই ওটিটি অভিনেত্রী বা চলচ্চিত্র অভিনেত্রী হওয়ার কথা ভাবিনি। এটা শুধুই অভিনয়ের বিষয়। দিন শেষে দর্শকরা ভালো গল্পে একজন ভালো অভিনেতাকে দেখতে চান। তারা চলচ্চিত্র অভিনেতা বা ওটিটি অভিনেতা হোক না কেন, তাতে কিছু যায় আসে না।’ ক্যারিয়ারে বিরতির পর ভালো কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কি না সে সম্পর্কে জানতে চাইলে অভিনেত্রী বলেন, ‘আমার আন্তর্জাতিক প্রজেক্টের পর হিন্দি সিনেমায় ফিরে আসাটা কঠিন কিছু নয়। আমার ওজন বাড়াতে হয়েছিল। এরপর আমাকে ভারী ব্যায়াম করতে হয়েছিল ওজন কমাতে। এটা ছাড়া আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। আমি সমস্যা শব্দটি ব্যবহার করব না, তবে কখনো কখনো এটি সামান্য জটিল হয়ে যায়, কারণ লোকেরা মনে করে আমি বিদেশে আছি। আমাকে অনেক কিছুর বাইরে রাখা হয়। অথচ তারা জানেন না আমি এখানে আছি। এই ভুল ধারণাটা আমাকে পরিষ্কার করতে হবে এবং এর জন্য আমাকে এখানে থাকতে হবে। যদিও আমার জন্য বিষয়গুলো নেতিবাচক হয়নি। আমি মনে করি সব কিছুই হয়েছে ভালোর জন্য। আমি এখানে জন্মেছি, আমি এখানেই আছি এবং আমি এখানে থাকতে উপভোগ করি। ‘বলিউডের পাশাপাশি আন্তর্জাতিক টিভি সিরিজ হোমল্যান্ড এবং ওয়েওয়ার্ড পাইনে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে একটি সামাজিক ব্যঙ্গাত্মক চলচ্চিত্র ‘হ্যাপি টিচার্স ডে’র শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। তাঁর সঙ্গে আরো রয়েছেন রাধিকা মদন। সূত্র : হিন্দুস্তান টাইমস
