ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় সার পাচারের অভিযোগে সেলিম হোসেন নামে এক বিএডিসি ডিলারকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান। মঙ্গলবার দুপুরে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রাম থেকে স্থানীয় কৃষকরা পাচারের সময় ১৫ বস্তা সার আটক করে। আটককৃত সার ভাঙ্গুড়া বাজারের ডিলার সেলিম হোসেনের গুদাম থেকে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা গ্রামে পাচার হচ্ছিল। ভাঙ্গুড়ায় গত দুই সপ্তাহ ধরে ডিলারদের সার পাচারের বিরুদ্ধে বিক্ষোভ করছে কৃষকরা। কৃষকরা অভিযোগ করে বলেন, ডিলাররা বেশি দামে সার অন্যত্র পাচার করছেন। এতে উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। তবে বেশি দাম দিলেই সিন্ডিকেটের মাধ্যমে সার পাওয়া যায়। সারের কৃত্রিম সংকট ও বেশি দামে বাহিরে সার বিক্রির বিষয়ে উপজেলা কৃষি অফিস ও বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাদের জানালেও কোন ব্যবস্থা নেয়নি। উপরন্ত অভিযোগকারী কৃষকদের নাম উপসহকারী কৃষি কর্মকর্তারা ডিলারদের কাছে প্রকাশ করে দেওয়ায় নানাভাবে হয়রানির শিকার হতে হয়। উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল গ্রামের কৃষক আলম হোসেন বলেন, সার কিনতে গেলে ডিলাররা বলেন সার নেই। তবে বস্তায় ২০০-৩০০ টাকা বেশি দিলেই সার অন্যত্র পাওয়া যায়। কারোর কাছে কোন অভিযোগ করে প্রতিকার পাওয়া যায় না। খানমরিচ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান বলেন, খানমরিচ ইউনিয়নের সারের ডিলার জগন্নাথ শীল বরাদ্দকৃত সারের ৮০ ভাগ ট্রাক থেকে আনলোড করার আগেই অন্যত্র সরিয়ে ফেলে। পরে কৃষকরা আসলে বলেন সার ফুরিয়ে গেছে। অথচ ওই সার বাইরে পাচার হচ্ছে অথবা বেশি দামে সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রি হচ্ছে। উপজেলা প্রশাসন এই সিন্ডিকেটের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান বলেন, বাহিরে সার পাচার করার অভিযোগে একজন ডিলারকে জরিমানা করা হয়েছে। কৃষি অফিস সার পাচার ও সিন্ডিকেট রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সার সংক্রান্ত সকল সংকট সমাধান হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
