স্টাফ রিপোর্টার : মাত্র দুই টাকায় গরীব শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার আমেজ ছড়ালো শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। ‘দুই টাকায় আমেজ’ নামে ব্যতিক্রমী শীতবস্ত্র মেলার আয়োজন করে শিক্ষার্থীরা। বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় গতকাল শুক্রবার বেড়া পৌর এলাকার সান্যালপাড়া ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করে সংগঠনটি। আয়োজনে দৃষ্টি কাড়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে জেলার সকল শহীদদের নামে স্টলের নামকরণ। এছাড়া জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের গ্রাফিতি প্রদর্শণ করা হয়। সকালে ব্যতিক্রমী এই শীতবস্ত্র মেলার উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ খোকন সরদারের পিতা আজিজুল সরদার। প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম। বেড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন খাজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সদস্য ডা. আব্দুল বাসেত খান। মেলা থেকে দুই টাকার প্রতীকী মূল্যে এলাকার গরীব শীতার্ত মানুষ কম্বল কিনে নেন। এর আগে ছাড়া সংগঠনের স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত গরীব মানুষ খুঁজে বের করে তাদের হাতে চাহিদা অনুযায়ী টোকেন দিয়ে আসেন। সেই টোকেন স্টলে জমা দিয়ে পছন্দমতো শীতবস্ত্র নিয়ে যান। দুই টাকা দিয়ে টোকেন সংগ্রহ করা পৌর এলাকার শেখপাড়া মহল্লার বৃদ্ধা মনজেলা খাতুন (৭০) বলেন, বাবা ওইসব ছাওয়াল-মাইয়ারা আমার বাড়ি গেছিল। জারের কষ্ট দেহ্যা একটা কম্বলের টোকেন দিছিল, আজ আইসা কম্বল নিলাম। আয়শা খাতুন নামের এক গৃহবধূ বলেন, ‘এই শীতে খুব উপকার হইলো কম্বলখান পায়া। ওরা খুব ভাল কাহ করতিছে। প্রত্যেক বছর ঈদের মধ্যিও দুই টেকা দিয়ে জামা কাপড় দেয়। আল্লাহ উগারে ভাল করুক। ব্যতিক্রমী এ আয়োজনে শুধু গরীব মানুষগুলোর উপস্থিতি মেলাকে পূর্ণতা দিয়েছে বলে মনে করেন এ সংগঠনটির প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম। তিনি বলেন, তাঁরা প্রকৃত গরিবদের হাতে প্রকৃত সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করেন। ‘দুই টাকায় আমেজ’ সে রকম একটি কর্মসূচি। তাঁরা হাজারো মানুষের হাতে দুই টাকার টোকেন তুলে দিয়ে এখানে স্টল সাজিয়ে বসে আছেন। স্বচ্ছল ব্যক্তিদের এখানে আসার সুযোগ নেই।’ বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোর্শেদুল ইসলাম বলেন, ‘সংগঠনটির কর্মকান্ড মানবিক। উপজেলা প্রশাসন তাদের পাশে রয়েছে। এভাবে অন্য সংগঠনগুলো এগিয়ে আসলে সমাজের আরো অনেক অসহায় মানুষ উপকৃত হবেন।’ উল্লেখ্য, বেড়া উপজেলার এ সংগঠনটির শিক্ষার্থীরা ২০১৬ সাল থেকে তাদের টিফিনের টাকা বাঁচিয়ে প্রথমে গরীব শিক্ষার্থীদের সহায়তা করলেও এখন প্রতিটি মানবিক কাজে নিজেদের মেলে ধরছেন। তাদের কাজে এলাকার বিত্তবান মানুষগুলো সহযোগিতা করছেন। দুই টাকায় তারা ঈদের খাদ্য সামগ্রী ও পোষাক বিতরণ, দুই টাকার ত্রাণ সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করে আসছে। এছাড়া পাঠাগার ও এতিমখানা পরিচালনা বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ পরিচালনা করে আসছে। তাদের এ উদ্যোগ ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। এবছর সংগঠনটি বেস্ট ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
