ঈশ্বরদী সংবাদদাতাঃ অবশেষে কমতে শুরু করেছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে দেশি ও আমদানি করা পেঁয়াজে দাম কমেছে ৫০ টাকা পর্যন্ত। আর কাঁচামরিচের দাম কমেছে কেজিতে প্রায় ১০০ থেকে ১৩০ টাকা। আমদানিকৃত ও মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় দ্রুত কমতে শুরু করেছে দাম। টানা বৃষ্টির প্রভাবে কাঁচা মরিচের দাম বাড়লেও এখন প্রতিদিনই কমছে।
আড়তদাররা বলছেন, বাজারে ভারতের পেঁয়াজ ছাড়াও মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ছে। এতে চাপ কমছে দেশী পুরাতন পেঁয়াজের ওপর। পাইকারিতে দাম কমতে শুরু করায় খুচরা বাজারেও প্রভাব পড়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ভোক্তা পর্যায়ে।
হাতেগোনা কিছু খুচরা দোকানে এখনও পেঁয়াজ ও কাঁচামরিচ বেশী দামে বিক্রি হলেও বেশির ভাগ দোকানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় ৫০ টাকা কমে।
বাজারে জাত ভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ পাইকারিতে ১০০-১১০ টাকা কেজিতে নেমে এসেছে। খুচরায় বিক্রি হচ্ছে ১২০ টাকা। এরআগে পেঁয়াজের দাম ১৭০ টাকায় উঠেছিল। আর ভারতীয় পেঁয়াজের জন্য পাইকারিতে গুনতে হচ্ছে ৮৫-৯০ টাকা পর্যন্ত। খুচরায় বিক্রি হচ্ছে ১০০ টাকা। আমদানিকৃত পেঁয়াজের দাম উঠেছিল ১৩০-১৪০ টাকা পর্যন্ত ।
বেশী দাম পাওয়ার আশায় কৃষকরা মুড়িকাটা পেঁয়াজ তুলতে শুরু করেছেন। অথচ এই পেঁয়াজ পোক্ত বা সুপুষ্ঠ হতে আরও ১৫-২০ দিন সময় লাগার কথা। সেসময় বাজারে আমদানি বেড়ে গেলে দরপতনের ভয় রয়েছে। তাই বিঘা প্রতি কম উৎপাদন হওয়া সত্বেও বেশী দাম পেয়ে পুষিয়ে নেওয়ার আশায় কৃষকরা এখনই মুড়িকাটা পেঁয়াজ তুলছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) পাইকারিতে মুড়িকাটা পেঁয়াজ ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। খুচরা বাজারে ১০০ টাকা কেজিতে বিক্রি করতে দেখা গেছে।
কাঁচা মরিচের দামের ওঠানামার পেছনে টানা বৃষ্টিকে দুষছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। পনেরদিন আগেও কাঁচামরিচ ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। মঙ্গলবার পাইকারিতে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। আর খুচরা বাজারে মরিচ ভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি।
তবে পাড়া-মহল্লার কোন কোন দোকানে এখনও পেঁয়াজ ১৫০ টাকা এবং কাঁচামরিচ ১২০-১৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
পাইকারি ব্যবসায়ী সঞ্জয় সরকার বলেন, ভারতীয় পেঁয়াজের পাশাপাশি মুড়িকাটা পেঁয়াজ বাজারে ওঠায় দাম কমেছে। বৃষ্টির কারণে কাঁচামরিচের গাছগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এখন দাম কমতে শুরু করেছে।
খুচরা ব্যবসায়ী জুয়েল হোসেন বলেন, বাজারে পুরোদমে আসতে শুরু করেছে ভারতীয় ও মুড়িকাটা পেঁয়াজ। কাঁচামরিচের আমদানিও প্রচুর। তাই দাম কমতে শুরু করেছে। চাহিদার তুলনায় সরবরাহ বেশী হলে ব্যাপক দরপতন হবে। এতে অবশ্য কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে বলে জানান তিনি।
বাজার করতে আসা রেজানূর রহমান বলেন, পেঁয়াজ ও কাঁচামরিচের দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছি। আলুসহ অন্যান্য সবজির দাম কমলে দুরবস্থা কিছুটা কাটবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
