এফএনএস বিনোদন: প্রায় দুই যুগের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। সেই সাফল্যের রেশ ধরে বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে বলিউড অভিষেক হতে যাচ্ছে তার। চলতি বছরই মুক্তি পাবে তার ‘জওয়ান’ শিরোনামের সিনেমাটি। সম্প্রতি নিজের দীর্ঘ ক্যারিয়ারের সাফল্য এবং বলিউড অভিষেক নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নয়নতারা বলেন, ‘ক্যারিয়ারে নানা উত্থান-পতনে ভেতর দিয়েই সবাইকে যেতে হয়। আমিও নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করে আজকের অবস্থানে এসেছি। তবে এখন আমার ক্যারিয়ারের সব দিকই ভালো বলতে পারেন। নিজেকে এখন ধন্য মনে হয়। তাছাড়া ক্যারিয়ারের প্রথম বলিউড সিনেমা শাহরুখের মতো সুপারস্টারের বিপরীতে শুরু করতে পারব তা কখনও কল্পনাও করিনি। তবে এমনটা সৃষ্টিকর্তা এবং আমার দর্শকদের কারণেই সম্ভব হয়েছে। কিন্তু তাদের কাছে কীভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না!’ এছাড়া নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে নয়নতারা আরও বলেন, ‘আমার একমাত্র উদ্দেশ্য হলো ভালো সিনেমা সবাইকে উপহার দেওয়া। সেটা আমার প্রযোজনা বা অভিনীত যেভাবেই হোক। আমি সব সময় মনে করি ভালো বিষয়বস্তু এবং শালীন সিনেমা দিয়ে দর্শকদের খুব কাছাকাছি যাওয়া যায়। যখন দর্শকরা আমার কাজ দেখে মুগ্ধ হয় এবং আমার প্রেমে পড়ে তখন সত্যি অন্যরকম ভালোলাগা কাজ করে নিজের ভেতরে।’ উল্লেখ্য, ‘জওয়ান’ ছাড়া বেশ কয়েকটি দক্ষিণী সিনেমার কাজ নিয়ে চলতি বছর বেশ ব্যস্ত থাকবে নয়নতারা।
