এফএনএস বিনোদন: প্রেম, বিতর্কিত মন্তব্যসহ নানা কারণেই বারবার সংবাদের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার একটি ছবি ঘিরে তাকে নিয়ে জল্পনা তুঙ্গে। গত শুক্রবার মুম্বাইয়ের এক হাইপ্রোফাইল সালোঁ (রূপটান কেন্দ্র) থেকে এক বিদেশি পুরুষের হাত ধরে বের হতে দেখা গেছে এই অভিনেত্রীকে। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কঙ্গনার ভাইরাল সেই ছবি ঘিরে গত শনিবার দিনভর চর্চা তুঙ্গে। তা নজর এড়ায়নি অভিনেত্রীরও। এবার সেই রহস্যময় ব্যক্তির পরিচয় ফাঁস করলেন কঙ্গনা রানাউত। সংবাদপ্রতিদিন, আনন্দবাজার পত্রিকাসহ ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, এমনিতে সচরাচর কোনো পুরুষ বন্ধুর সঙ্গে দেখা যায় না কঙ্গনাকে। তার চারপাশে পুরুষ মানে শুধুই নিরাপত্তারক্ষীর ছয়লাপ। এর মাঝেই রহস্যময় এক পুরুষের হাতে হাত রেখেছেন কঙ্গনা, সেই থেকেই জল্পনার সূত্রপাত! তাহলে কি বলিউডের ক্যুইন প্রেমে পড়েছেন? ছবিতে দেখা গেছে, বিদেশি বন্ধুর হাত ধরে সালোঁ থেকে বের হচ্ছেন কঙ্গনা। ওই সময় ওই ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট ও শার্ট। আর কঙ্গনা পরেছিলেন আকাশি লং ড্রেস ও চোখে রোদচশমা। সে সময় ক্যামেরার সামনে দুজনকে হাসিমুখে পোজ দিতেও দেখা গেছে। এরপরই ভাইরাল ছবি দেখে কৌতূহল সর্বত্র। কে এই ব্যক্তি? অনুরাগীদের একাংশ তো আগেভাগেই শুভেচ্ছাও জানিয়ে দিয়েছেন। তবে সেই বিশেষ বন্ধুকে নিয়ে কোনো লুকোচুপি করেননি অভিনেত্রী, মুখ খুলেছেন তিনি।ইনস্টা স্টোরিতে ভাইরাল ওই ছবি পোস্ট করে ‘ক্যুইন’ বলেছেন, ‘সালোঁর বাইরে প্রায়ই ওর সঙ্গে আমি সময় কাটাই। আর সেই ছবি নিয়ে আমার কাছে এর মধ্যেই এত ফোন, মেসেজ এসেছে, এমনকি বলিউড মাধ্যম তো রসাল সব গল্পও জুড়ে দিয়েছে। আচ্ছা কোনো মহিলা-পুরুষ একসঙ্গে রাস্তায় হাঁটলে সেটা শুধু যৌনতার সম্পর্ক হয় না। সেটা বন্ধু, সহকর্মী এমনকি ভাইবোনও হতে পারে। কিংবা কখনো কখনো ঘনিষ্ঠ কোনো হেয়ারস্টাইলিস্টও হতে পারে। যার সঙ্গে বছর খানেকের বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই।’ প্রতিবেদনে বলা হয়েছে, কঙ্গনার সেই বিশেষ বন্ধুর নাম লইক চাপোইক্সি। ফরাসি এই পুরুষ আসলে ইন্ডাস্ট্রির খুব ঘনিষ্ঠ, খ্যাতনামী কেশসজ্জা শিল্পী। বলিউডের প্রথম সারির সব অভিনেত্রীই আস্থা রেখেছেন তার হাতের কারুকাজের ওপর। মুম্বাইসহ বিভিন্ন দেশ কেশসজ্জার কেন্দ্র রয়েছে তার। উল্লেখ্য, এক সময়ে কঙ্গনার নাম জড়িয়েছিল আদিত্য পাঞ্চলি, অধ্যয়ন সুমন থেকে বলিউড সুপারস্টার হৃতিক রোশনের সঙ্গেও। কিন্তু সেসব সম্পর্ক টেকেনি। আদিত্যর প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে কঙ্গনাকে পাল্টা জবাব দিয়েছিলেন আদিত্যর স্ত্রী জরিনা ওয়াহিব। আর অধ্যয়ন বলেছিলেন, কঙ্গনার সঙ্গে সম্পর্কটা বেজায় টক্সিক হয়ে গিয়েছিল। অন্যদিকে হৃতির রোশনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তো কোর্ট-কাছারি অবধি গড়িয়েছিল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
